সাভারে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

সাভারে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় একটি গ্যাস সিলিন্ডারের ডিপো ও একটি খুচরা দোকানিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার বাগবাড়ি মোড় মহল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকারের অভিযানে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নরে হেমায়েতপুর এলাকার বাগবাড়ি মোড় মহল্লার গ্রিন টাউন এল পি গ্যাস নামে একটি ডিপোতে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভাই ভাই ব্রাদার্স নামে একটি গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রেতাকে ক্রয় ও বিক্রয় চালান না থাকায় এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয় এবং বিক্রয় চালানে মূল্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা। এ সময় অভিযানে সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।