বোরোতে নিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহারের সিদ্ধান্ত

হাওরাঞ্চলে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষার্থে কৃষি খাতে নিয়ন্ত্রিতভাবে বালাইনাশক ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। বালাইনাশক ব্যবহার নিয়ন্ত্রণ-পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে গতকাল রবিবার সভাটি হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (সেবা বিভাগ) মো. সাইদুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মুহাম্মদ মুবিনুল কবীরসহ অন্যান্য দপ্তর এবং সংস্থার কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভায় সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বোরো মৌসুমে হাওর অধ্যুষিত সাতটি জেলায় বালাইনাশক বিক্রয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির মাধ্যমে কৃষি খাতে বালাইনাশক ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ জোরদার করা হবে। এ ছাড়া বালাইনাশকের বোতল ও প্যাকেটে সহজ এবং স্পষ্ট বাংলায় ব্যবহার নির্দেশিকা সংযুক্ত করে বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়।