সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা থেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রাজীব কুমার সরকার গতকাল রবিবার গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা থেকে ১১টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, তিন পার্বত্য জেলা (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা হবে।
গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি সকালে নির্ধারণ করা হয়। এর আগে গত ৫ নভেম্বর প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এরপর দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।