প্রবীর মিত্রবিহীন এক বছর

আজীবন সম্মাননাসহ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্রর প্রথম মৃত্যুবাষির্কী আজ। গত বছর ৫ জানুয়ারি রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুবাষিকীতে কোনো আয়োজন রাখেনি চলচ্চিত্র শিল্পী সমিতি। 

প্রায় পাঁচ দশক রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা এ অভিনেতা ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন। পুরান ঢাকায় বেড়ে ওঠা। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’র মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন তিনি। ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালে। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবে কাজ করলেও ছিলেন মূলত একজন চরিত্রাভিনেতা। 

প্রবীর মিত্র অভিনীত কাজের তালিকায় রয়েছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক সিনেমা।