ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর শহরে বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) ও গতকাল রবিবার দুই দিনব্যাপী ঈশ্বরগঞ্জ পৌর শহেরর বিভিন্ন এলাকা ঘুরে বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক রোগ প্রতিরোধে টিকা দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস।
পৌরসভা সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় অবস্থানরত বেওয়ারিশ কুকুরদের শনাক্ত করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এতে করে জলাতঙ্ক রোগের ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা তরিকুল ইসলাম তারেক ও ফারুক মণ্ডল বলেন, পৌর শহরের রাস্তাঘাটে বের হলেই বেওয়ারিশ কুকুরের উৎপাতে চলাফেরা করতে ভয় লাগতো। কিন্তু এসব কুকুরগুলোকে টিকা দেওয়ার ফলে জলাতঙ্ক রোগ হবে না। এতে সেই আতঙ্ক থেকে আমরা স্বস্তিবোধ করছি।
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ভ্যাকসিন প্রদানকারী টিম উপস্থিতিতে পৌর কর্তৃপক্ষ জনস্বার্থে এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরে বেওয়ারিশ কুকুর অনেক বেশী। জনবহুল এলাকা হিসেবে সাধারণ মানুষের আনাগোনাও অনেক বেশি। কুকুরের কামড়ে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেই জন্য আমার এই উদ্যোগ নিয়েছি। এতে করে জলাতঙ্ক রোগের ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।
সচেতন মহলের লোকজন ঈশ্বরগঞ্জ পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন নিয়মিতভাবে এ কর্মসূচি চলমান থাকলে পৌর এলাকায় জলাতঙ্ক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।