৫৪ বছরের প্রথম

বগুড়ায় ইতিহাস-ঐতিহ্য আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

বগুড়ায় ৫৪ বছরে প্রথম আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন সম্পন্ন হয়েছে। বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে গত ২ ও ৩ জানুয়ারি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এতে দেশ ও বিদেশের প্রায় চার শতাধিক গবেষক অংশ নেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার জানান, বগুড়ার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, সমাপনী অনুষ্ঠান শেষে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক প্রত্নস্থল ভাসু বিহার ও মহাস্থানগড় পরিদর্শন করেন সকল গবেষক।

আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপিত হবে। ভবিষ্যৎ গবেষণার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইমেরিটাস প্রফেসর ড. আজহারুল ইসলাম, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু।