কক্সবাজারে রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
তবে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, সোমবার সকালে রামুর ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ চক্রের কতিপয় লোকজন অবৈধ কারখানা স্থাপন করে আগ্নেয়াস্ত্র তৈরির খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ গহীন পাহাড়ের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা সন্দেহজনক একটি ঝুপড়ি ঘর ঘিরে ফেলে। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক কৌশলে পালিয়ে যায়।
পরে ঝুপড়ি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২টি রাইফেলের গুলি, ৪ টি গুলির খোসা, ২ টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল, ২টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়িব্লেড, ১টি আড়িব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ী, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেয়ার মেশিন এবং ১টি বানান নালী সহ বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি।
জেলা পুলিশের মুখপাত্র জানান, অভিযানে পলাতক দুর্বৃত্তদের পাশাপাশি সন্ধান পাওয়া অস্ত্রের কারখানার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।