জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার শিক্ষার্থীরা শুধু ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং ভোট শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন ও আইডি কার্ড দেখাবেন। জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না।
নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট বন্ধ থাকবে। ক্যাম্পাসবাসী কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন ঘোরাফেরা নিষিদ্ধ থাকবে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসেই অবস্থান করবে। নির্বাচনী দায়িত্বে নেই এমন সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তা স্থগিত হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি (মঙ্গলবার) নতুন তারিখ নির্ধারণ করা হয়।