হেড কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব নেওয়ার মাত্র ১৪ মাসের মধ্যেই পর্তুগিজ এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রবিবার লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র ম্যাচটাই হয়ে থাকল আমোরিমের শেষ ম্যাচ। তাঁর অধীনে চলতি প্রিমিয়ার লিগে বর্তমানে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। তবে গত মৌসুমে দলটি লিগ শেষ করেছিল হতাশাজনক ১৫ নম্বর অবস্থানে এবং ইউরোপা লিগের ফাইনালেও হেরে যায়।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ হিসেবে রুবেন আমোরিম দায়িত্ব ছেড়েছেন। নভেম্বার ২০২৪-এ তিনি নিয়োগ পান এবং তাঁর অধীনে দল মে মাসে বিলবাওয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। বর্তমান লিগ অবস্থান বিবেচনায় নিয়ে ক্লাব অনিচ্ছা সত্ত্বেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে মৌসুমের বাকি সময়ে সর্বোচ্চ ফল পাওয়ার সুযোগ তৈরি হয়।” বিবৃতিতে আমোরিমের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনাও জানানো হয়।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্সসহ ক্লাবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমোরিমের সম্পর্কের অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এল্যান্ড রোডে ড্রয়ের পর কথা বলতে গিয়ে রুবেন আমোরিম নিজের সঙ্গে কাজ করা সংশ্লিষ্টদের সঙ্গে টানাপোড়েনের ইঙ্গিত দেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, নিজেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ‘কোচ’ নয়, বরং ‘ম্যানেজার’ হিসেবেই দেখেন। আমোরিম বলেন, “বোর্ড পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত, অথবা আগামী ১৮ মাস এভাবেই চলবে। এটাই আমার বক্তব্য, এখানেই শেষ করতে চাই। আমি পদত্যাগ করব না। অন্য কেউ আমাকে বদলাতে আসা পর্যন্ত আমি আমার কাজ করে যাব।” এই বক্তব্যে ক্লাবের অভ্যন্তরীণ টানাপোড়েন প্রকাশ্যে আসে।
আমোরিমের সময়ে সবচেয়ে বড় সমালোচনা ছিল তাঁর কৌশলগত অনমনীয়তা। মূলত ৩-৪-৩ ফরমেশনের প্রতি তাঁর নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। যদিও অনুশীলনে বিকল্প ফরমেশন পরীক্ষা করা হয়েছিল এবং নিউক্যাসলের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে জয়ও পায় দল, তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তিনি বারবার আগের ছকেই ফিরেছেন। দল গঠনের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় না পাওয়ায় বোর্ডের সঙ্গে মতবিরোধও তৈরি হয়।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। বর্তমানে অনূর্ধ্ব-১৮ দলের কোচ হিসেবে কাজ করা ফ্লেচার বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন। স্থায়ী কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী গ্রীষ্মে।