বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
সোমবার (৫ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন ভবনে ঢাকা অঞ্চলের বুথে আপিল আবেদন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি গ্রহণ হয়নি। তাই আমরা আপিল করছি। মনোনয়নপত্রের বৈধতা পেতে আমরা আইনি লড়াই চালিয়ে যাব।
তিনি বলেন, আপনারা দেখেছেন মাত্র দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সই দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলেন্টিয়ারিং করেছেন। এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল করেন। সেদিনই আপিল করার কথা জানান তরুণ এই চিকিৎসক। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান।