অলি আহমদ

আমি ছাড়া আর কারো সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, রাষ্ট্র পরিচালনার মতো জটিল কাজের জন্য অনভিজ্ঞ ব্যক্তিদের ভোট দেওয়া উচিত হবে না। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

এ সময় তিনি যারা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করেননি, তাদের জাতীয় সংসদে না পাঠানোর জন্য তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

অলি আহমদ দাবি করেন, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নেতৃত্বের মধ্যে তাকে বাদ দিলে আর কারো বাস্তব সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে প্রায় পাঁচ বছর অত্যন্ত নিবিড়ভাবে সরকার পরিচালনা করেছেন, যা বর্তমানের অন্য কোনো নেতার ঝুলিতে নেই। 

জামায়াতে ইসলামীর সঙ্গে তার দলের একীভূত হওয়ার গুঞ্জন নাকচ করে দিয়ে তিনি বলেন, এলডিপি জামায়াতে যোগ দেয়নি এবং জামায়াতও এলডিপিতে আসেনি। মূলত ১২টি দলের সমন্বয়ে একটি বড় নির্বাচনী জোট গঠিত হয়েছে এবং এলডিপি সেই জোটের অন্যতম প্রধান অংশীজন।

জোট থেকে কয়টি আসনে এলডিপি নির্বাচন করবে— এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে, ৩টি বা ৬টি নয়, বরং এর চেয়ে অনেক বেশি আসনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যা সময় হলে সবাই জানতে পারবেন। তিনি দাবি করেন, তার দল কখনো চাঁদাবাজি বা মাস্তানিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও স্বচ্ছ রাজনীতির ধারা বজায় রাখবে।