মহেশপুরে দুর্বৃত্তের গুলিতে, আহত ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আহত হয়েছেন। আহত ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামের একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ নেপা ভাষানপোতা গ্রামের হলদিয়া মাঠ এলাকায় বাঘাডাঙ্গা-মহেশপুর সড়কে গুলির এ ঘটনা ঘটে। আহত মতিয়ার রহমান (মতি) বাঘাডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে।

আটক ইব্রাহিম হোসেন ইব্রা একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে। তিনি চোরাচালান সহ একাধিক মামলার আসামী।

গুলিবিদ্ধ মতিয়ার রহমানের ছেলে হিছাব আলী জানান, তার পিতা ঝিনাইদহের একটি আদালতে মামলার হাজিরা দিয়ে মোখলেসুর রহমানের সাথে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। মহেশপুরের ভৈরবা বাজারে মকলেছুর রহমানকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় ভাষানপোতা হলদিয়া মাঠে সড়কে চলন্ত অবস্থায় দুই দুর্বৃত্ত পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

আহতের স্বজনরা জানায়, প্রায় ৬ মাস আগেও মতিয়ার রহমানকে তার বাড়ির সামনে থেকে গুলি করেছিল দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তারাই আবারও মতিয়ার রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে।

পরে স্থানীয়রা মতিয়ার রহমানকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আল মামুন জানান, তার ডান হাতের পাশে পিঠে একটি গুলি লেগেছে। গুলি বেরিয়ে যাওয়ার তেমন সিমটম পেলাম না। হয়তো শরীরের ভিতরে গুলিটি থেকেও যেতে পারে।

কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ জানান, ঘটনাস্থলে পুলিশ সুপার গেছেন। পুরো এলাকায় অভিযান শুরু করা হয়েছে। ইব্রাহিম হোসেন ইব্রা নামে একজনকে সন্দেহভাজন আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।