মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে রংমিস্ত্রির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নির্মাণাধীন একটি দোতলা ভবন  থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর হোসেন (৩৫) নামে অপর আরেক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। 

আজ সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের  মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন ভবনে দ্বিতীয় তলার শৌচাগারের ফলস ছাদ থেকে শাকিলের লাশ উদ্ধার করে। 

শাকিলের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অচেতন অবস্থায় উদ্ধার অপর রংমিস্ত্রি নুর হোসেন মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম চর মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে ওই ভবনে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। এদিন বিকেলে ঠিকাদার কাজের খোঁজ নিতে এসে রংমিস্ত্রিদের ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে তিনি শাকিলকে মৃত এবং নুর হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নুর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজদীখান থানার  পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে মাদকদ্রব্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।  ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।