চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে আবু হায়াত মাহমুদের নির্মাণাধীন ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নামের সিনেমা নিয়ে ক্রমেই জটিলতা বাড়ছে। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল, ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, রোজার ঈদে মুক্তি পাচ্ছে না ‘প্রিন্স’। মূলত শিল্পীদের ভিসা জটিলতার খবরে নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে না পারায় এমন গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ডিসেম্বরে ভারতে প্রিন্স সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন নির্মাতারা। ভারতে গিয়ে বিভিন্ন শুটিং স্পট রেকিও করে এসেছেন তারা।
নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছিলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিন্সের শুটিং। তার আগে প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক। কিন্তু এখনো সিনেমার ফার্স্ট লুক বা শুটিং কিছুই আলোর মুখ দেখেনি। তাই ছবিটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসছে ঈদুল ফিতরের মিছিল থেকে ছিটকে পড়তে পারে এই সিনেমা। সে ক্ষেত্রে শাকিব খানের ‘সোলজার’ সিনেমাটি হতে পারে নায়কের ভক্তদের জন্য ঈদ উপহার।
আবু হায়াত মাহমুদ জানান, ভারতের ভিসা না পেলেও দেশেই কিছু অংশের শুটিং শুরু হবে দ্রুতই। কাজ এগিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। নির্মাতারা এখনো আশাবাদী কয়েক দিনের মধ্যেই কেটে যাবে ভিসা জটিলতা। অনুমতি পেলেই যত দ্রুত সম্ভব দুই দেশের শিল্পীদের নিয়ে নির্ধারিত লোকেশনে শুটিং হবে। তার আগেই প্রকাশ করা হবে ফার্স্ট লুক।
জানা গেছে, শেষ পর্যন্ত ভারতের ভিসা না পেলে তৃতীয় কোনো দেশে শুটিংয়ের ভাবনাও আছে নির্মাতাদের। তবে এত অল্প সময়ে নতুন জায়গায় শুটিং পরিকল্পনা করা, শুটিং শেষে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে মুক্তি দেওয়া সম্ভব হবে কি না সেই অনিশ্চয়তাও থেকে যাচ্ছে।