জকসু নির্বাচনে ভোটের লড়াই শুরু

দীর্ঘ প্রতীক্ষা ও একাধিকবার স্থগিতের পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোট শুরুর পর থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।

ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ব্যালট পেপার সংগ্রহ করে নির্ধারিত বুথে প্রবেশ করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছেন তারা। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে জকসুর কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোট শুরুর আগেই রাতের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। তাঁর মতে, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপর দ্রুততম সময়ে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পিছিয়ে যায়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও নির্বাচন শুরুর আগমুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়। পরে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুনরায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং সেখানেই ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।