ইনজুরির যন্ত্রণায় অবসরের কথা ভেবেছিলেন নেইমার

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে আর পেরে উঠছিলেন না নেইমার। একপর্যায়ে ফুটবল থেকে অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার বাবা নেইমার সিনিয়র এমনটাই জানিয়েছেন। সান্তোসে খেলার সময় হাঁটুর গুরুতর চোট ও একের পর এক অস্ত্রোপচারের ধকল মানসিক ও শারীরিকভাবে ভেঙে দিয়েছিল ৩৩ বছর বয়সী এই তারকাকে।

সৌদি আরবের ক্লাব আল-হিলালে হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে চুক্তি বাতিল হওয়ার পর শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে সেখানেও চোট পিছু ছাড়েনি। সাম্প্রতিক সময়ে আবারও তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে।

এক ইউটিউব সাক্ষাৎকারে নেইমারের বাবা জানান, একসময় তার ছেলে বলেছিলেন, “আমি আর পারছি না। অস্ত্রোপচার করিয়ে আদৌ ফিরে আসা সম্ভব কি না, সেটাই বুঝতে পারছি না।"

তিনি আরও বলেন, "ইনজুরির খবর গণমাধ্যমে প্রকাশ হয়ে যায়, এমনকি নেইমার নিজেও তখন পুরোটা জানত না। এতে ওর মনোবল একেবারে ভেঙে পড়ে। মানুষ বলতে থাকে—নেইমার আর এ বছর খেলতে পারবে না। তখন ওর মানসিক অবস্থা সামলানো খুব কঠিন হয়ে যায়।”

তবে অবসর ভাবনা আপাতত পিছিয়ে দিয়েছেন নেইমার। বাবার অনুপ্রেরণা এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার স্বপ্নই তাকে আবার লড়াইয়ে ফিরিয়েছে। সব কষ্ট উপেক্ষা করে ২০২৫ সালে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে ব্যথা নিয়েই মাঠে নামেন তিনি।

ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে আবারও সান্তোসের হয়ে পুরো দমে মাঠে ফেরার লক্ষ্য তার।

এদিকে ইউরোপ বা এমএলএসে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের গুঞ্জন থাকলেও, ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি বাড়ানোর দিকেই ঝুঁকছেন নেইমার।