লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জয়ের পর নতুন করে দল সাজাতে মাঠে নেমেছে ইন্টার মায়ামি। সার্জিও বুসকেতস ও জর্দি আলবার অবসরের পর শূন্যতা পূরণে ইউরোপের দুই বড় তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ফ্লোরিডার ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাটলেটিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমান ও কোকে রেসুরেকসিওনকে দলে নিতে আগ্রহী ইন্টার মায়ামি।
ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার সাবেক তারকা হাভিয়ের মাশ্চেরানো। তার অধীনে এমএলএসে আধিপত্য বজায় রাখা এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে (কনকাচ্যাম্পিয়ন্স) ভালো করার লক্ষ্য নিয়েই দলকে আরও শক্তিশালী করতে চায় ‘দ্য হেরনস’। মেসি এবং রদ্রিগো ডি পলের পাশাপাশি ‘ডিজিগনেটেড প্লেয়ার’ হিসেবে নতুন কোনো তারকাকে যুক্ত করার সুযোগ আছে ক্লাবটির।
‘মুন্দো দেপোর্তিভো’ এবং ‘ওকে ডিয়ারিও’ জানায়, ইন্টার মায়ামি ইতোমধ্যে ৩৪ বছর বয়সি গ্রিজমান এবং ৩৩ বছরের কোকেএর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। অন্যদিকে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র মতে, এই আলোচনার সবচেয়ে বড় আকর্ষণ হলেন মেসি। তার সাথে খেলার সুযোগ তো আছেই, পাশাপাশি ফ্লোরিডার জীবনযাত্রার মান ও স্থিতিশীল পরিবেশও ইউরোপের অভিজ্ঞ ফুটবলারদের কাছে লোভনীয় হয়ে উঠছে।
গ্রিজমানের ক্ষেত্রে সিদ্ধান্ত অনেকটাই ব্যক্তিগত। ২০২৭ সাল পর্যন্ত অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি থাকলেও ইউরোপীয় অধ্যায় শেষ করে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে, কোকের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে, আর এখনো নবায়নের কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। অন্যদিকে ইন্টার মায়ামি ইতোমধ্যে ২০২৬ মৌসুমকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গঠনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
এর অংশ হিসেবে মেসির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে, লুইস সুয়ারেজ থাকছেন দলে, স্থায়ীভাবে নেওয়া হয়েছে রদ্রিগো দে পলকে। পাশাপাশি দলে যোগ দিয়েছেন ডিফেন্ডার সার্জিও রেগিলোন ও ফাকুন্দো মুরা। সম্প্রতি ক্লাবটি কানাডার জাতীয় দলের গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের আগমন নিশ্চিত করেছে। মিনেসোটা ইউনাইটেডের হয়ে ২০২৫ মৌসুমে এমএলএসের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন এই তারকা।