নির্বাচনে গাজীপুর-২-এ সর্বোচ্চ, ঝালকাঠি-১-এ সর্বনিম্ন ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে।

ভোটার তালিকা অনুযায়ী, গাজীপুর-২ আসনে মোট ভোটারের সংখ্যা আট লাখ চার হাজার তিনশ তেত্রিশ জন। ভোটার সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা-১৯ আসন। এ আসনে ভোটার সাত লাখ সাতচল্লিশ হাজার সত্তর জন। তৃতীয় সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-১ আসনে, সংখ্যা সাত লাখ বিশ হাজার নয়শ উনচল্লিশ জন।

অন্যদিকে, ভোটার সংখ্যা সবচেয়ে কম ঝালকাঠি-১ আসনে। এখানে ভোটার মাত্র দুই লাখ আটাশ হাজার চারশ একত্রিশ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, আট লাখের বেশি ভোটার রয়েছে কেবল গাজীপুর-২ আসনে। সাত লাখের বেশি ভোটার রয়েছে তিনটি আসনে। এগুলো হলো ঢাকা-১৯, গাজীপুর-১ ও নোয়াখালী-৪ আসন।

ছয় লাখের বেশি ভোটার রয়েছে এমন আসন আছে সাতটি। এগুলো হলো ময়মনসিংহ-৪, সিলেট-১, কুমিল্লা-৬, ব্রাহ্মণবাড়িয়া-৩, ঢাকা-১৮, যশোর-৩ ও কুড়িগ্রাম-২ আসন।

পাঁচ লাখের বেশি ভোটার রয়েছে এমন আসনের সংখ্যা ৫২টি। চার লাখের বেশি ভোটার রয়েছে ১১৩টি আসনে। তিন লাখের বেশি ভোটার রয়েছে ১০৪টি আসনে। আর দুই লাখের বেশি ভোটার রয়েছে ২০টি আসনে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।