প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (০৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। আর এদিকে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।
কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত জকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও নেতৃত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ভোটাররা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
একই কথা বলছেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সকল প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। লাইন ধরে সবাই নিজ নিজ ভোট দিচ্ছে। প্রার্থীরাও সবার কাছে দোয়া চাচ্ছেন।