পায়রা সেতু

টাকার বিনিময়ে ওভারলোড ট্রাক ছাড়ার অভিযোগ

পায়রা সেতুর টোল প্লাজায় ওভারলোড মালবাহী ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায় করে পারাপারের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পটুয়াখালীগামী একটি ওভারলোড ট্রাক থেকে ৩ হাজার ৪শ টাকা আদায়ের পর ছেড়ে দেওয়ার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান। 

তার অভিযোগ, পায়রা সেতুর উত্তর প্রান্তে ওজন স্কেলে ওভারলোড যানবাহন আটকে অতিরিক্ত অর্থ আদায় করে একটি টোকেন দেওয়া হয়। ওই টোকেন দেখিয়ে টোল প্লাজা পার হয়ে নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে চলে যায় ট্রাকগুলো। একইভাবে দক্ষিণ থেকে উত্তরাঞ্চলগামী ওভারলোড যানবাহন থেকেও অতিরিক্ত অর্থ আদায় করে টোকেন দেওয়া হয়। এসময় স্থানীয় কয়েকজন কুষ্টিয়ায়গামী একটি ওভারলোড ট্রাক  হাতে নাতে ধরে ওজন স্কেলে তোলে। এতে দেখা যায় যে ট্রাকের ধারণক্ষমতা ২২ টন হলেও এতে প্রায় ২৮ টন মাল বহন করা হচ্ছিল।

এ ব্যাপারে অভিযুক্ত ট্রাকচালক ইব্রাহীম মিয়া বলেন, অতিরিক্ত ৬ টনের জন্য আমাকে ৩ হাজার ৪শ টাকা দিতে হয়েছে। পায়রা সেতুতে এভাবে ওভারলোড ট্রাক পারাপার এখন নিয়মিত ঘটনা।

ঘটনার সময় পায়রা সেতুর ওজন স্কেলের দায়িত্বে থাকা টোলকর্মী মামুনও ট্রাকে অতিরিক্ত ওজনের বিষয়টি স্বীকার করেন।

এবিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল হোসেন বলেন, এরকম অভিযোগ প্রায়ই শুনি কিন্তু তথ্য প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

গণমাধ্যম কর্মীর কাছে তথ্য চেয়ে তিনি বলেন, আপনার কাছে ট্রাক নম্বরসহ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে হোয়াটসআপে দিয়ে দেন। আজকেই বিষয়টি চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।