জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে কয়েকটি বুথে অনিয়মের অভিযোগ তুলেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জবি চ্যাপ্টার। তারা দাবি করেন, শহীদ সাজিদ ভবনের কয়েকটি বুথে ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সব প্রার্থীর ছবি সংবলিত উপকরণ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জরুরি এক সংবাদ সম্মেলনে ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিল্লাল হোসেন এ অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলেও কয়েকটি কেন্দ্রে অসংগতি দেখা দিয়েছে। শহীদ সাজিদ ভবনের কয়েকটি বুথে আমি স্বচক্ষে এমন অসংগতি পেয়েছি।
অধ্যাপক ড. বিল্লাল হোসেন আরও উল্লেখ করেন, একজন এজেন্টের হাতে একটি বড় বই দেখা গেছে, যার উলটো পাশে একটি নির্দিষ্ট প্যানেলের নাম ও পরিচিতি সংবলিত তথ্য ছিল। তিনি এ নিয়ে প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের কাছে থেকে এমন লিস্ট কীভাবে এজেন্টের কাছে আসলো?
তিনি জানান, এ ঘটনার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং এ ধরনের উপকরণ বাতিলের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক বিল্লাল বলেন, শিক্ষকরা অনেক পরিশ্রম করে এই নির্বাচনের আয়োজন করেছেন। শিক্ষার্থীরাও দীর্ঘ আন্দোলনের মাধ্যমে নির্বাচন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তাই আমরা সর্বদাই একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন শেষে আরও বিস্তারিত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।