ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের সিয়াউ দ্বীপে আকস্মিক বন্যায় ১৪ জন মারা গেছে।
সোমবার (৫ জানুয়ারি) ভোরে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট এই বন্যায় আরও চারজন নিখোঁজ রয়েছে বলে আজ মঙ্গলবার স্থানীয় উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ১৬ সদস্যের একটি বিশেষ দল কাজ শুরু করেছে।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং জানান, বন্যায় এখন পর্যন্ত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। দুর্গত এলাকার প্রধান সড়কগুলো পাথর, গাছের ডালপালা এবং ঘন কাদায় ঢেকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। কাদা সরাতে এবং রাস্তা পরিষ্কার করতে বেশ কয়েকটি ভারী এক্সকেভেটর মোতায়েন করা হয়।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, বন্যার তোড়ে ঘরবাড়ি হারানো অন্তত ৪৪৪ জন বাসিন্দাকে উদ্ধার করে স্থানীয় স্কুল ও গির্জাগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে।
উত্তর সুলাওয়েসির গভর্নর ইউলিউস সেলভানাস জানান, এই বন্যায় কয়েকশ ঘরবাড়ি এবং বেশ কিছু সরকারি ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানায়, আগামী কয়েকদিনে সুলাওয়েসি ছাড়াও জাভা, মালুকু এবং পাপুয়া দ্বীপে আরও ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে।
উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস ইন্দোনেশিয়ার এই অঞ্চলে বর্ষার সর্বোচ্চ মৌসুম।