সালাহর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে মিসর

অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলোয় বেনিনকে ৩–১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মিসর। অন্য ম্যাচে ভিক্টর ওসিমেন ও আদেমোলা লুকম্যানের ঝলকে মোজাম্বিককে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়া।

নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৮৩তম মিনিটে বেনিনের জোডেল দোসু রিবাউন্ড থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান, যা মিসরকে চাপে ফেলে দেয়। শুরু থেকেই আধিপত্য বিস্তার করলেও মিসর প্রথম গোল পায় ৬৯তম মিনিটে। মারওয়ান আতিয়া গোল করে দলকে এগিয়ে নেন। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে আতিয়ার ক্রস থেকে ইয়াসের ইব্রাহিমের লুপিং হেডার মিসরকে আবার এগিয়ে দেয়।

শেষ পর্যন্ত কাউন্টার অ্যাটাকে ম্যাচের নিষ্পত্তি করেন মোহাম্মদ সালাহ। জিজোর পাস পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট বেনিন গোলরক্ষক মার্সেল দানজিনুকে পরাস্ত করে। এটি ছিল টুর্নামেন্টে সালাহর তৃতীয় গোল। ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসান বলেন, ‘খেলার আগে বলেছিলাম, এখানে সহজ কোনো দল নেই। বেনিন সত্যিই কঠিন প্রতিপক্ষ ছিল। খেলোয়াড়রা দুর্দান্ত লড়াই করেছে।’

বেনিন কোচ গার্নট রোর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। ইনজুরির কারণে স্টিভ মুনিয়েকে না পাওয়ার আক্ষেপ করে তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচে সে থাকলে আমাদের অনেক সাহায্য করত। তবে আমার খেলোয়াড়দের মানসিকতা, ঐক্য ও লড়াইয়ের মনোভাব ভবিষ্যতের জন্য ইতিবাচক।’

গোলের পর মোহাম্মদ সালাহর উল্লাস। ছবি- এএফপি

এই জয়ে মিসর কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। শেষ আটের লড়াইয়ে শনিবার তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে বুরকিনা ফাসো অথবা বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। অন্য ম্যাচে ফেজ শহরে নাইজেরিয়া পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে মোজাম্বিককে হারায় ৪–০ গোলে। আফ্রিকা কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে মালি ও সেনেগাল। এরপর স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন।