কিছু মিডিয়া জুলাইযোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কিছু কিছু মিডিয়া জুলাইযোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর আদালত থেকে জামিনে মুক্তি লাভের পর সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে সুরভীর খোঁজ নিতে তার টঙ্গীর বাস ভবনে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জান্নাত সুরভীর সঙ্গে ন্যায় বিচার হয়নি। সুরভী যদি কোন অন্যায় ও করে থাকতেন তবে দেশের একজন নাগরিক হিসেবে যে অধিকার ছিল সেটা তিনি পাননি। সুরভীকে যে মামলায় ফাঁসানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। এ সময় তিনি বলেন ৫ আগস্টের পর কিছু কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাত সুরভীর ঘটনা, হবিগঞ্জে এক ছাত্র নেতাকে গ্রেপ্তারের ঘটনা একই সূত্রে গাথা। কিছু কিছু মিডিয়া জুলাই অভ্যুত্থানের কোন নেতার বিরুদ্ধে কোন কিছু পেলেই সত্য মিথ্যা যাচাই না করে তা ঢালাও ভাবে প্রচার করে। 

নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। আওয়ামীলেগের দোসররা যেন দলে অনুপ্রবেশ না করতে পারে আমাদের দলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে। এ সময় সাংবাদিক ও মিডিয়া হাউজ গুলোকে নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বিরুদ্ধে সরব প্রতিবাদ ও জামিনে মুক্ত হওয়ার সঙ্গে সম্পৃক্ত গাজীপুর নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্র শক্তি ও আইনজীবী ফোরামের সকল সদস্যদের ধন্যবাদ জানান। 

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে গাজীপুর নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

এর আগে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে সুরভীকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একই দিন দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়। এছাড়া গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’
সুরভীর রিমান্ড আদেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’