জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদের প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব।
এদিন সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।