নেত্রকোনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২ 

নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অত্যন্ত ১২ জনের মতো আহত হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে সড়কের মালামাল জমিতে রাখা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়ায় সরকারি একটি হালট (ছোট রাস্তা) মেরামতের কাজ চলছিল। কিন্তু সড়কের মালামাল মালিকানা জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব বাধে। লতিফ মিয়া ও এখলাছ মিয়া গ্রুপের মধ্যে। 

পূর্ব থেকে এই দুই গ্রুপের মধ্যে জমি দখলের বিরোধ থাকায় আজ মঙ্গলবার সকালে সংঘর্ষ বাধে। পূর্বশত্রুতার জেরে দফায় দফায় লাঠি সোটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জনের মতো আহত হয়েছে। আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, সরকারি রাস্তায় কাজ করার সময় ইট সুরকি একজনের জমিতে রাখাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। 

১০ থেকে ১২ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তিন চারজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে শুনেছি। সঠিক কতজন আহত জানা যায়নি।