‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি বাস্তবায়নের ঘোষণা পিএসসির

বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমাতে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ নীতির আওতায় বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত পুরো নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যেই সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

তিনি বলেন, বিসিএস পরীক্ষার জট কমাতে পিএসসি ইতোমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। এখন থেকে একটি বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। এতে পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিএসসি চেয়ারম্যান আরও জানান, অতীতে প্রশ্নফাঁস নিয়ে যে অভিযোগ ছিল, তা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এ ধরনের অনিয়মের কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ এ আয়োজন করে।

উল্লেখ্য, ৫০তম বিসিএসে অংশ নিতে এবার ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন বলে নিশ্চিত করেছে পিএসসি।