চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। টার্মিনাল ড্রাইভওয়েতে যাত্রী ও অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কারও প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অধিকারপ্রাপ্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যাত্রী হিসেবে আগমন বা বহির্গমনের সময় প্রয়োজনীয় প্রটোকল সম্পন্ন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাস প্রদর্শনের মাধ্যমে ভেতরে প্রবেশের সুযোগ পাবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবং প্রথম শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ ছাড়া যাত্রীবাহী সব যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং অথবা কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করে যাত্রী ওঠানামা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কেবল যাত্রী নামানোর উদ্দেশ্যে প্রধান পার্কিং এলাকায় প্রবেশ করা যানবাহনের কাছ থেকে পার্কিং টোল আদায় আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, যাত্রী ও সংশ্লিষ্ট সবাই এই সিদ্ধান্তে সহযোগিতা করবেন এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবেন।