নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর ইন্তেকাল

মুক্তিযুদ্ধের সংগঠক ও নারী নেত্রী শাহানা খানম চৌধুরী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মাতা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই পুত্র, পাঁচ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা সোমবার বাদ এশা মিশনপাড়া মসজিদে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বারদী রিবর গার্লস হাই স্কুল প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে মছলন্দপুর দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় বাদ জোহর তার দ্বিতীয় জানাজা হয়। পরে গ্রামের মছলন্দপুর কবরস্থানে তার মরহুম স্বামী আবু তাহের মিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাগো দল থেকে শাহানা খানম চৌধুরী রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি, সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি, বাংলাদেশ মহিলা সংঘের সভাপতি, লায়োনেস ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া তিনি বারদী ইউনিয়ন পরিষদের সদস্য এবং মিশনপাড়া পঞ্চায়েতের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।