বাংলাদেশ রিপাবলিকান পার্টি চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ আলী

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোহাম্মদ আলী। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির বর্তমান চেয়ারম্যান আবু হানিফ হৃদয়। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবু হানিফ হৃদয় বলেন, গত জুলাই মাসে মামলা করে বাংলাদেশ রিপাবলিকান পার্টির নিবন্ধন পেয়েছি। তখনই মোহাম্মদ আলীকে দলে যোগ দেওয়ার অনুরোধ জানাই। কিন্তু তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। নমিনেশন না পাওয়ার পরে তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টিতে যোগ দেন। ইতিমধ্যে তাকে রেজ্যুলেশন করে নির্বাহী চেয়ারম্যান করেছি। এটা নির্বাচন কমিশনকেও অবগত করা হয়েছে। আগামীতে কাউন্সিল করে তাকে চেয়ারম্যান বানানো হবে। আমরা সারা দেশে ৭৭টি মনোনয়নপত্র বিক্রি করেছি, যার মধ্যে ১৫-২০টি টিকবে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসন গুরুত্বপূর্ণ। আশা করছি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে ভোটাররা দলমত নির্বিশেষে মোহাম্মদ আলীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমাদের ভিশন ২০৫০।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ইতিপূর্বে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। এবার জোটের কারণে এই আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছি। বিএনপি একটা বড় দল। বিগত দিনে আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করেছি। ফতুল্লা আসনের ৭টি ইউনিয়নে এমন কোনো এলাকা নেই যেখানে আমার কাজ হয়নি। নির্বাচিত হলে সন্ত্রাস-মাদকমুক্তসহ যা প্রয়োজন সব করব।