বরিশালের সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা মামলাটি দায়ের করেন বলে জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের তথ্যমতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে বরিশালের সাবেক মেয়রের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুদকে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার তথ্যপ্রমাণ পাওয়ায় পূর্ণাঙ্গ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের অংশ হিসেবে ২০২৫ সালের ১৬ অক্টোবর তার সম্পদ বিবরণী দুদকে দাখিলের জন্য নোটিস জারি করা হয়। এরপর ২৬ অক্টোবর দুদকের একজন কনস্টেবল নোটিস নিয়ে তার ঢাকার কলাবাগানের বাসায় যান। তাকে না পেয়ে ৪ নভেম্বর বরিশাল শহরের ঠিকানায় যান। সেখানেও না পেয়ে তার আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকার ঠিকানায় সম্পদ বিবরণী ফরমের মূল কপি বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়া হয়। ওই নোটিস জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি সাদিক আবদুল্লাহ। নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।