ফুটবল তারকাদের বিলাসিতা নতুন কিছু নয়। তবে নেইমার জুনিয়র এবার আলোচনায় এসেছেন তার ব্যতিক্রমধর্মী সংগ্রহের কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রকাশ করেছেন ব্যাটম্যান–অনুপ্রাণিত তিনটি বিশেষ যানবাহন, যেগুলোর সম্মিলিত মূল্য ৬ কোটির বেশি মার্কিন ডলার।
৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা নিজের ব্যক্তিগত গ্যারেজে তোলা ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, “স্বপ্ন সত্যি হয়।” মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। নেইমারের এই সংগ্রহে রয়েছে বিশেষভাবে নির্মিত একটি ব্যাটমোবাইল, ব্যাটম্যান থিমে সাজানো একটি এয়ারবাস এইচ–১৪৫ হেলিকপ্টার এবং একটি দাসো ফ্যালকন ৯০০ এলএক্স ব্যক্তিগত জেট।
নেইমারের ব্যাটমোবাইলটি তৈরি করতে সময় লেগেছে তিন বছর। প্রায় ৫০ জনের একটি দল কাজ করেছে ব্রাজিলীয় অটোমোটিভ ডিজাইনার আধেমার কাবরালের তত্ত্বাবধানে। ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট চলচ্চিত্র সিরিজের টাম্বলার মডেল থেকে অনুপ্রাণিত এই গাড়িটির নির্মাণ ব্যয় প্রায় ১৫ লাখ ইউরো।
এই ব্যাটমোবাইলে রয়েছে ভি–এইট ইঞ্জিন, যার শক্তি আনুমানিক ৪৫০ থেকে ৫০০ অশ্বশক্তি। তবে এটি কেবল ব্যক্তিগত জায়গায় চালানো যায়। আইনি অনুমোদন না থাকায় রাস্তায় চলাচলের সুযোগ নেই। ডিজাইনার কাবরালের ভাষায়, নেইমার কেবল একজন সংগ্রাহক নন, তিনি ব্যাটম্যান চরিত্রের প্রতি গভীরভাবে অনুরাগী।
ব্যাটমোবাইলের পাশাপাশি নেইমারের সংগ্রহে থাকা এয়ারবাস এইচ–১৪৫ হেলিকপ্টারটির মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ইউরো। এর অভ্যন্তরীণ সাজসজ্জাতেও রয়েছে ব্যাটম্যান থিমের স্পষ্ট ছাপ। সবচেয়ে দামী যানটি হলো দাসো ফ্যালকন ৯০০ এলএক্স ব্যক্তিগত জেট, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩০ লাখ ইউরো। আন্তর্জাতিক সফর কিংবা ক্লাবে যোগ দিতে এই জেটই নেইমারের প্রধান বাহন।
এই তিনটি যান ছাড়াও নেইমারের গ্যারেজে রয়েছে একাধিক অভিজাত গাড়ি—রোলস রয়েস ঘোস্ট, বেন্টলি কন্টিনেন্টাল জি টি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বরগিনি হুরাকান, মার্সিডিজ জি ওয়াগন এবং মাসেরাতি এম সি বারো। এসব গাড়ি মিলিয়ে তাকে ক্রীড়াজগতের অন্যতম বড় গাড়ি সংগ্রাহকে পরিণত করেছে।
নেইমারের এই বিপুল সম্পদের পেছনে রয়েছে তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার। সান্তোস, বার্সেলোনা ও প্যারিস সাঁ জার্মাঁ–এ খেলার পর তিনি ২০২৩ সালে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়ে প্রতি সপ্তাহে প্রায় ৩০ লাখ ইউরো আয় করতেন। পরে কম বেতনে হলেও শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন তিনি। তবু এখনো তিনি বিপুল সম্পদের মালিক।