জকসু নির্বাচন

আরও ২ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবিরের প্যানেল

দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে আরও দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি—উভয় বিভাগেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সকাল পৌনে ৯টার দিকে ঘোষিত ফলাফল অনুযায়ী, এই বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. রাকিব পেয়েছেন ৯৪ ভোট।

জিএস পদেও আধিপত্য বজায় রেখেছে শিবির। এ পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ রানা ১০৫ ভোট পেয়ে এগিয়ে আছেন, তার বিপরীতে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট।

একই সময়ে ঘোষিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফলেও শিবিরের জয়জয়কার দেখা গেছে। এখানে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫১ ভোট পেয়ে এগিয়ে আছেন (প্রতিদ্বন্দ্বী মো. রাকিব ৩৯ ভোট)। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার বিপরীতে ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেলের ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা ৪২ ভোট পেয়ে তার অবস্থান শক্ত করেছেন (প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল ৩০ ভোট)।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৬টি কেন্দ্রের সম্মিলিত ফলাফলে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৫৮৪ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।

এর আগে, সকাল সাড়ে ৮টায় আরও চারটি কেন্দ্রের (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি) ফলাফল ঘোষণা করা হয়। ওই ৪ কেন্দ্রের মধ্যে তিনটিতেই শিবির এবং একটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা ও ফলাফল একীভূত করার প্রক্রিয়া চলছে।