টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দুই পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি আসন্ন বিশ্বকাপে পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারেন। অবশ্য সেটা কয়েকটি ম্যাচের জন্য বলে জানা গেছে। লকি ফার্গুসন গত বছর নভেম্বরের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে কোনো ম্যাচ খেলেননি। অধিনায়ক মিচেল স্যান্টনারের পাশাপাশি ১৫ সদস্যের দলে আরও আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব খেলোয়াড় চোটে আক্রান্ত হয়েছেন, তারা সবাই নিজ নিজ মাঠে ফেরার প্রক্রিয়া আছেন। টুর্নামেন্ট শুরুর আগেই তারা সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘টুর্নামেন্ট চলাকালীন ফার্গুসন ও হেনরির বাবা হওয়ার কথা আছে। সে কারণে তাদের স্বল্পমেয়াদী পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
জ্যাকব ডাফি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। কাইল জেমিসনকে রাখা হয়েছে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। ওপেনিং ও টপ অর্ডারে তীব্র প্রতিযোগিতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত অক্টোবর মাসে সেঞ্চুরি করা টিম রবিনসন দলে জায়গা পাননি। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টিম সাইফার্ট দলে আছেন। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন সাইফার্ট, কনওয়ে থাকবেন বিকল্প হিসেবে।
প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘দলের ভারসাম্য সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিংয়ে শক্তি ও দক্ষতা রয়েছে, এমন বোলার আছে যারা বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে, আর পাঁচজন অল-রাউন্ডার আছেন যাদের প্রত্যেকের ভূমিকাই আলাদা। এটি একটি অভিজ্ঞ দল। তাদের উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে, যা আমাদের জন্য খুবই মূল্যবান হবে।’
গ্রুপ ‘ডি’তে নিউজিল্যান্ড খেলবে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি, চেন্নাইয়ে, আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ড ভারত সফরে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে। এরপর অনুষ্ঠিত হবে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল : মিচেল স্যান্টনার অধিনায়ক, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট, ইশ সোধি।
অতিরিক্ত খেলোয়াড়: কাইল জেমিসন।