ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী (৪২) কে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

আজ বুধবার সকালে মনি চক্রবর্তীকে হত্যার ঘটনায় নিহতের বাবা মদন চক্রবর্তী অজ্ঞাত নামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহ ভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

এদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট। দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য, নিহত মনির স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান। আর সকল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানান এছাড়া দ্রুত সময়ে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মণ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের  উপদেষ্টা দীপঙ্কর সাহা রানা, যুগ্ম আহবায়ক সঞ্জয় ধর, নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, এডভোকেট তুষার মিত্র, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিঠু বর্মন, সদস্য সচিব সঞ্জয় সাহা, বেলাব উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রাখাল চন্দ্র বিশ্বাস, সদস্য সচিব বাবুল বিশ্বাস সহ প্রমুখ।

এর আগে সোমবার (০৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হয় মনি চক্রবর্তী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, এ হত্যার ঘটনায় নিহতের বাবা মদন চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছে। আর মনি চক্রবর্তীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।