জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. জাফরুল আযম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।