ভোলায় অটো ছিনতাই করে চালক আবু বকর সিদ্দিককে (৫১) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মাত্র ছয় দিনের মধ্যে এই মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাত সাড়ে ৮টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে চরফ্যাশন পৌরসভা বাসস্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় আসামিরা। রাত সাড়ে ৯টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে চালক আবু বকর সিদ্দিকের বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে নীল রঙের ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে সুলতান আল বাদী হয়ে ১ জানুয়ারি ২০২৬ তারিখ লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে আরও দুই আসামি—মোহাম্মদ রাজা (৩২) ও কাজী তারেক (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত মোহাম্মদ রাজার বিরুদ্ধে ঢাকার সাভার ও মোহাম্মদপুর থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।