জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী তানজিলা তাবাসসুমকে গুম করে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কারামুক্ত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে সুরভী তার থানা ও কারাগারের অভিজ্ঞতা ভাগ করেন এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি মামলার বিবরণ, বয়সসহ নানা বিষয় উল্লেখ করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমার সঙ্গে জেলে আরেকজন মেয়ে ছিল, সে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্রী তানজিলা তাবাসুম। তাকে সম্পূর্ণভাবে ‘গুম’ করে রাখা হয়েছে।”
সুরভী আরও বলেন, “আমার পরিবার জানতো আমি কারাগারে আছি, কিন্তু ওর পরিবার জানে না, বিশ্ববিদ্যালয়ও জানে না। এইভাবে কেন স্টুডেন্টদের মুখ বন্ধ রাখা হচ্ছে? ওই মেয়েটিও আমার মতো প্রতিবাদী কন্ঠ ছিল।”
তিনি প্রশ্ন তোলেন, “আমাদের মতো প্রতিবাদী কন্ঠ রাখার কারণে এমন মেয়েকে গুম করে জেলে রাখা হয়েছে, পরিবার ও বিশ্ববিদ্যালয় জানে না। আমাদের কন্ঠরোধের উদ্দেশ্য কি?”