জকসু নির্বাচন: তিন বিভাগে শিবির প্রার্থীদের বড় লাফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় বুধবার রাতের ফল প্রকাশের পর নতুন মোড় নিয়েছে নির্বাচন। ইংরেজি, মনোবিজ্ঞান ও রসায়ন-এই তিন বিভাগের ঘোষিত ফলাফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলছে।

ইংরেজি বিভাগে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রশিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৯৮ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত একেএম রাকিবের প্রাপ্তি ১২৩ ভোট। 

সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ১৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন, বিপরীতে খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। 

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা ১৮৮ ভোটে এগিয়ে থাকলেও তানজিল পেয়েছেন ৮৫ ভোট।

মনোবিজ্ঞান বিভাগেও শিবির প্রার্থীদের প্রাধান্য দেখা গেছে। ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৪ ভোট, একেএম রাকিব পেয়েছেন ৮৩ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফের প্রাপ্ত ভোট ৮৬, খাদিজাতুল কুবরার ৩৩। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৮৯ ভোট, যেখানে তানজিল পেয়েছেন ৮৮ ভোট-এখানে ব্যবধান ছিল মাত্র এক ভোট।

রসায়ন বিভাগে ফলাফল আরও স্পষ্ট। ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২২৩ ভোট, রাকিব পেয়েছেন ১১৬ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২২৭ ভোটে বড় ব্যবধানে এগিয়ে, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৭০ এবং তানজিল ১৪৪ ভোট পেয়েছেন।

অন্যান্য বিভাগের ফলাফলের চিত্র

ভূগোল ও পরিবেশ বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোটে এগিয়ে থাকেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে জয়ী হন।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট পান। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোটে জয়ী হলেও এজিএস পদে নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ১২৬ ভোট পেয়ে চমক দেখান।

লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে একেএম রাকিব ১৩২ ভোটে জয়ী হন। জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা বিজয়ী হন।

ফার্মেসি বিভাগে তিনটি গুরুত্বপূর্ণ পদেই অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে থাকেন।

সিএসই ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি—এই দুই বিভাগ মিলিয়ে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সম্মিলিতভাবে এগিয়ে রয়েছেন।

মাইক্রোবায়োলজি, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি, মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগেও শিবির প্রার্থীদের শক্ত অবস্থান দেখা গেছে। তবে ফিন্যান্স, দর্শন, চারুকলা ও বোটানি বিভাগে ছাত্রদল বা অন্যান্য প্যানেলের প্রার্থীরা কিছু পদে এগিয়ে রয়েছেন।

তিন বিভাগ মিলিয়ে সামগ্রিক হিসাব

আইন ও ভূমি প্রশাসন, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম—এই তিন বিভাগ মিলিয়ে ভিপি পদে রিয়াজুল ইসলাম মোট ৫১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে একেএম রাকিবের মোট ভোট ৩৮৭।
জিএস পদে আব্দুল আলিম আরিফের মোট ভোট দাঁড়িয়েছে ৫৯০।
এজিএস পদে মাসুদ রানা ৪৪৬ ভোট পেয়ে তানজিলের চেয়ে ৫৫ ভোটে এগিয়ে আছেন।

সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, একাধিক বিভাগে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের ধারাবাহিক এগিয়ে থাকা জকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।