জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের সমন্বয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খাঁন।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
রাশেদ খান জানান, আন্দোলনের পুরো সময়জুড়েই তারা তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ঝিনাইদহ-৪ আসনের সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন, যা তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাকে আন্তরিকভাবে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে বিজয়ী করবেন।
রাশেদ খান আরও বলেন, অতীতের সব মান-অভিমান ভুলে দলের সব স্তরের নেতাকর্মী তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।
ঝিনাইদহ-৪ আসনে দলীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনে একযোগে ধানের শীষের পক্ষে মাঠে থাকবেন। এ বিষয়ে তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দলের কেউ তার নির্দেশনার বাইরে গিয়ে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেবে না।