‘জুলাই বার্তাবীর সম্মাননা স্মারক' পুরস্কার পেলেন ১০২ সাংবাদিক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সাথে সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ 'জুলাই বার্তাবীর সম্মাননা স্মারক' পেয়েছেন দেশের ১০২ জন সাংবাদিক।

বুধবার (৭ জানুয়ারি) 'আগ্রাসন বিরোধী আন্দোলন'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে জেএএম সংস্থা এর সহযোগিতায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মুক্তিযুদ্ধ মিলনায়তনে আয়োজিত এক দিনব্যাপী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সাংবাদিকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ঢাবি প্রতিনিধি মাহাদী হাসান, নিউজ বাংলা টুয়েন্টিফোরের ঢাবি প্রতিনিধি মনিরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার রিপোর্টার তাওসিফুল ইসলাম, কালবেলার রিপোর্টার আমজাদ হোসেন হৃদয়, দৈনিক ইনকিলাবের রাহাদ হোসেন, বাসসের ঢাবি প্রতিনিধি আফজাল হোসেন তানভীর, দেশ রূপান্তরের ঢাবি প্রতিনিধি এইচ এম খালিদ হাসান, মানবজমিনের ঢাবি প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, চ্যানেল টুয়েন্টিফোরের ঢাবি প্রতিনিধি বোরহান উদ্দিন, নয়া দিগন্তের ঢাবি প্রতিনিধি হারুন ইসলাম, রাইজিং বিডির ঢাবি প্রতিনিধি সৌরভ, বাংলাদেশ প্রতিদিনের ঢাবি প্রতিনিধি সাব্বিরুল ইসলাম ও আমার দেশের ঢাবি প্রতিনিধি মাহির কাইয়্যুম।

পুরস্কার প্রাপ্ত সাংবাদিকদের সন্ধ্যা সোয়া ৬ টায় চেক ও ক্রেস্ট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্রগ্রাম ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলার বুকে বিদেশি আধিপত্যবাদ কায়েম করে আর কোন নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। 

আগ্রাসন বিরোধী আন্দোলনের লিগ্যাল উইং প্রধান এডভোকেট আব্দুল আজিজ বলেন, আজ আগ্রাসন মানে রাষ্ট্রের নীতি ও যখন বিদেশি স্বার্থে লেখা হয়, প্রশাসন তখন দালালিতে পরিনত হয় তখন জনগত নিজ দেশের পরবাসী হয়ে ওঠেন।

সমাপ্তি বক্তব্যে আগ্রাসন বিরোধী আন্দোলন আহবায়ক মোঃ তারেক আজিজ বলেন, দেশের প্রান্তিক অঞ্চল থেকে দেড় বছর পর জুলাই যোদ্ধা আহতরা এসেছেন, জুলাইকে পুনরুজ্জীবিত করেছেন, তাই সকলকে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। জুলাই গাদ্দারদের কবলে পড়েছে। জুলাইকে বাঁচাতে, বিচার পেতে এবং আগ্রাসন বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে জুলাই যোদ্ধাদের বিকল্প নাই। জুলাই যোদ্ধাদের নেতৃত্বে জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় আগ্রাসন বিরোধী আন্দোলন এর শক্তিশালী দল গড়ে তুলুন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানের স্পন্সর জেএএন সংস্থা চেয়ারম্যান মেহরিন আনহার উজমাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন৷