হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে বলা হয় ‘টোয়াইলাইট’ তারকা। ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত ভ্যাম্পায়ার রোমান্টিক চলচ্চিত্র সিরিজ ‘টোয়াইলাইট’ তাকে চলচ্চিত্র জগতে পরিচিতি এনে দিয়েছিল। তিনি সম্প্রতি জানিয়েছেন, এ সিরিজের ছবির রিমেক পরিচালনা করতে খুব আগ্রহী। এন্টারটেইনমেন্ট টুনাইটকে এই অভিনেত্রী ও নির্মাতা বলেন, ‘এটা আমি সত্যিই চাই। আমি ক্যাথরিন হার্ডউইকের কাজ পছন্দ করি। ক্রিস উইটজের কাজও পছন্দ করি। সব পরিচালকের কাজই ভালো লেগেছে। তারা নিজেদের মতো অভিনব, অদ্ভুত মেধাবী।’ তিনি আরও যোগ করেন, ‘যদি সম্ভব হয়, আমি চাই এই প্রজেক্টের জন্য বড় বাজেট এবং ভক্তদের ভালোবাসা ও সমর্থন পাই। হ্যাঁ, অবশ্যই আমি রিমেক করব। আমি করব! আমি পুরোপুরি দায়বদ্ধ কাজটি করতে।’
ক্রিস্টেন স্টুয়ার্ট মূল ‘টোয়াইলাইট’ সিরিজে রবার্ট প্যাটিনসন এবং টেলর লটনারের সঙ্গে অভিনয় করেছিলেন। ২০০৮ সালের মূল সিনেমার পরে চারটি সিক্যুয়েল আসে। ২০০৯ সালের ‘নিউ মুন’, ২০১০ সালের ‘ইক্লিপস’, ২০১১ সালের ‘ব্রেকিং ডন-পার্ট ১’ এবং ২০১২ সালের ‘ব্রেকিং ডন-পার্ট ২’ মুক্তি পায়। পুরো সিরিজ বিশ্বব্যাপী তিন বিলিয়নেরও বেশি আয়ের রেকর্ড করেছে।