আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল বুধবার সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।
ফ্লাইটের সময়সূচি : ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৮টা, করাচি পৌঁছবে স্থানীয় সময় রাত ১১টা। করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ১২টা, ঢাকায় পৌঁছবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট। নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।
বোসরা ইসলাম আরও বলেন, টিকিট বুকিং ও ফ্লাইট-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।