রুবেন আমোরিমের বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করেও জয়ের মুখ দেখল না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে টেবিলের নিচের দিকে থাকা বার্নলির মাঠে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ড্যারেন ফ্লেচারের প্রথম ম্যাচেই জয় বঞ্চিত হয় ইউনাইটেড।
ইউনাইটেডের জন্য সপ্তাহটি ছিল নাটকীয়তায় ভরা। সোমবারই শেষ হয় আমোরিমের হতাশাজনক ১৪ মাসের অধ্যায়। তার শেষ ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর মাত্র তিন দিনের ব্যবধানে আবারও ড্র করতে হলো। এবার সদ্য প্রমোটেড বার্নলির বিপক্ষে।
ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে ইউনাইটেড। ডিফেন্ডার আয়ডেন হেভেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্নলি। তবে দ্রুত ঘুরে দাঁড়ান বেনিয়ামিন শেশকো। দুর্দান্ত দুই গোলে ইউনাইটেডকে জয়ের পথে ফেরান তিনি এবং ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট ধরে রাখতে পারেনি সফরকারীরা। বদলি হিসেবে নামা জেডন অ্যান্থনির গোলে সমতা ফেরায় বার্নলি। স্কট পার্কারের দল প্রবল চাপ সামলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট আদায় করে নেয়। এই ড্রয়ের ফলে বার্নলির জয়হীন ধারাও বাড়ল—টানা ১২ ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। তবুও এই ফলাফল তাদের জন্য তুলনামূলক স্বস্তির, বরং হতাশা বেশি ইউনাইটেড শিবিরে।
আগামী রবিবার ব্রাইটনের বিপক্ষে এফএ কাপ ম্যাচে ফ্লেচারই দায়িত্বে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এদিকে নতুন স্থায়ী কোচ খোঁজার প্রক্রিয়ায় ইউনাইটেডের আলোচনায় রয়েছেন সাবেক কোচ ও ক্লাব লিজেন্ড ওলে গুনার সোলশায়ার এবং মাইকেল ক্যারিক। আমোরিম-পরবর্তী যুগে ইউনাইটেডের ভবিষ্যৎ কোন পথে যাবে, সে প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।