অ্যাশেজ সিরিজের মধুর সমাপ্তি ঘটল অস্ট্রেলিয়ার জন্য। সিডনিতে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে স্টিভেন স্মিথের দল। এর মাধ্যমে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে অ্যাশেজ জিতে নিয়েছে। ৩১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৫৬ রান করে সিরিজসেরা হয়েছেন মিচেল স্টার্ক। আর সিডনির ম্যাচসেরার পুরস্কার উঠেছে সেঞ্চুরিয়ান ট্রাভিস হেডের হাতে।
প্রথম ইনিংসে ৩৮৪ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ততদূরও যেতে পারেনি। জ্যাকব বেথেলের ১৫৪ রানে ভর করে তারা ৩৪২ রানে অল-আউট হয়। এতে প্রথম ইনিংসে ৫৬৭ রান তোলা অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান। ম্যাচের পঞ্চম দিনের কঠিন উইকেটে কাজটা সহজ ছিল না। ১২১ রান তুলতেই অজিদের পড়ে গিয়েছিল ৫ উইকেট। তবে অ্যালেক্স ক্যারি (১৬*) এবং ক্যামেরন গ্রিন (২২*) মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সর্বোচ্চ ৩৭ রান আসে মানার্স লাবুশেনের ব্যাট থেকে।
এর আগে ১৪২ রানে অপরাজিত থাকা জ্যাকব বেথেল ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। মিচেল স্টার্কের করা দিনের ১০ম ওভারের দ্বিতীয় বলে উইকেটকিপার ক্যারিকে ক্যাচ দেন ২৬৫ বলে ১৫৪ রানের দারুণ ইনিংস খেলা বেথেল। এটাই ছিল তার ছোট্ট টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে ১৬৬ বলে ১৬৩ রানের ওয়ানডে স্টাইল ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। অজিদের প্রথম ইনিংসে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথও ১৩৮ রান করেন।