কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফল প্রকাশিত, পাশ ৩৭০১

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে মেধা তালিকায় মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর ও প্রতিবন্ধী কোটাসহ নির্বাচিত হয়েছেন ৩৭০১ শিক্ষার্থী।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ইউজিসি প্রতিনিধিদের স্বাক্ষরিত ফলাফল কৃষিগুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এবার কৃষিগুচ্ছে নেতৃত্ব দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৩২৪ শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ৯১.০৪ শতাংশ যা আগের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবারের কৃষিগুচ্ছে থাকা ৯ বিশ্ববিদ্যালয় ও তাদের আসনসংখ্যা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০০৬, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি।