বিশ্বকাপ বাছাইপর্বে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আসন্ন ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১০ দলের এই বাছাই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বাছাই অভিযান।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে দশম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে স্বাগতিক ইংল্যান্ডসহ মোট ৮টি দল মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে ২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশ্বকাপে খেলা নিশ্চিত।

নেপালে আয়োজিত বাছাই টুর্নামেন্ট থেকে বাকি ৪টি দল চূড়ান্ত পর্বে সুযোগ পাবে। বাছাইপর্বে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে এক গ্রুপের দলগুলো অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলবে। সুপার সিক্স শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে মূল লড়াইয়ের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী দল নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে।