কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে মুরাদনগর উপজেলা ছাত্রদল। কর্মশালাটি বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হেলাল তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহসিন ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, শাহ আজিজ সরকার মুন্না, সাগর হোসেন, মীর জাহিদ হাসান সম্রাটসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও শ্রীকাইল সরকারি কলেজ, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, বদিউল আলম বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ, ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ, জাহাপুর কমলাকান্ত একাডেমি, বেগম সুফিয়া শওকত কলেজ ও কোড়েরপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক নেতারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।