গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার কথা বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোসা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনসিপি নেতার নাম হাবিব চৌধুরী। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে। তিনি ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী বিক্রয় ডটকমে নিজের ইয়ামাহা ব্র্যান্ডের আনটেস্ট আর-১৫ মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। এর সূত্র ধরে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে এবং গাজীপুরে দেখা করতে আসে। সাক্ষাতের পর একজন মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভের কথা বলে চালিয়ে দেখেন। পরে মোটরসাইকেলের কাগজপত্র হাতে নিয়ে হঠাৎ করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় হাবিব চৌধুরী মোটরসাইকেলের পেছনে দৌঁড়ালে অপর একজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে কোনো গুলি তার শরীরে লাগেনি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট ড্রাইভের নাম করে একজন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, আর অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি চালায়। ভাগ্য ভালো, গুলি লাগেনি। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব।’
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী নাছের খান বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এনসিপি নেতা হাবিব চৌধুরীকে ট্রাপের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। তার শরীরে গুলি লাগলে তিনিও শহিদ হতে পারতেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া কেউই নিরাপদ নয়। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং নির্দেশদাতাসহ সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’