সিংড়ায় বিএনপি নেতাকে কুড়াল দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বিএনপির কর্মীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। 

তিনি ইটালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদ এর চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ এর সমর্থক বিএনপি নেতা আবু রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুল। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রহিদুল আমাকে কুপিয়েছে। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন বিএনপি নেতাকে কুপিয়েছে। আহত বিএনপি নেতা আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে ছিল। তিনি ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান বলেন, দুই পায়ের গোড়ালি একবারে ভেঙ্গে গেছে। বড় অপারেশন প্রয়োজন। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।